আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার খবর জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ভাঙা অংশ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে বলে দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে পবিত্র দুই নগরীকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুতিরা।
শনিবার (২৪ অক্টোবর) সৌদি সিভিল ডিফেন্সের প্রকাশিত এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার বিষয়টি জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া তথ্য অনুযায়ী, মক্কার বাইরের ওয়াদি মুঘামাস, জেদ্দার আল-নুযহা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিঘের একটি জনবসতিহীন এলাকায় এসব খণ্ডাংশ পড়ে।সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, আকাশেই দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছিল। এরপর সেগুলোর ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিবৃতিতে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।মক্কা ও মদিনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি পক্ষের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, পবিত্র স্থানগুলোতে হামলার বিষয়ে তাদের বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।
এর আগে শনিবার সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় সৌদি আরবের পশ্চিমাঞ্চলের চারটি প্রদেশে সতর্কতা জারি করেছিল সিভিল ডিফেন্স। নাগরিকদের দ্রুত নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। তবে সতর্কতা জারির সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে, সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় শুক্র ও শনিবার হামলা চালানোর দাবি করেছে হুতিরা। তাদের বক্তব্য অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে তিনটি বিমানবন্দর, দুটি তেল কারখানা, একটি পাইপলাইন এবং একটি বিমানঘাঁটি ছিল।
ইয়াহিয়া সারির দাবি, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ধাপে হামলা চালানো হয়েছে। এ ছাড়া দাম্মাম ও নাজরান অঞ্চলের বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি বিমানঘাঁরিও লক্ষ্যবস্তু করা হয়। পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশন ও পাইপলাইনেও আঘাত হানার দাবি করেছে গোষ্ঠীটি। এসব হামলার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য প্রতিবেদনে উল্লেখ নেই।মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারের পক্ষ থেকেও নতুন হামলার অভিযোগ উঠেছে। সরকারের দাবি, দক্ষিণ উপকূলের বন্দরনগরী এডেনে কোস্টগার্ডের স্থাপনা লক্ষ্য করে অন্তত তিনটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা।
সূত্র: এনডিটিভি