বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের উজিরপুরে ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগে দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। এর পাশাপাশি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের গাড়িচালক (চুক্তিভিক্তিক) রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।রবিবার (২৫ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন।প্রত্যাহার হওয়া দুই কর্মচারী হলেন—শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তার।
এর আগে শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা এবং সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তারের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।এ সংক্রান্ত একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এ ছাড়া ঘুষের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে মিরাজ নামের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ওঠে।
এসব অভিযোগ ও সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে রবিবার জারি করা আদেশে সানজিদা ও সুরাইয়া আক্তারকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই সঙ্গে গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।