পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকিতে মা-ইলিশ রক্ষা অভিযানে জব্দ করা ৪টি নৌকা ও ৬টি ইঞ্জিনচালিত ট্রলার প্রকাশ্য নিলামে ৬২ হাজার ১০০ টাকায় বিক্রি করেছে উপজেলা মৎস্য বিভাগ।বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা-ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলাকালে পায়রা নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অমান্য করে মাছ শিকারের দায়ে এসব নৌযান জব্দ করা হয়েছিল, যা পরবর্তীতে সরকারি নিয়ম অনুযায়ী উন্মুক্ত নিলামে তুলে বিক্রি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ খায়রুল চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের প্রত্যক্ষ উপস্থিতিতে এই নিলাম সম্পন্ন হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, মা-ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নির্দেশ বাস্তবায়নে পায়রা নদীতে নিয়মিত টহল ও যৌথ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে এসব নৌকা ও ট্রলার জব্দ করা হয়েছিল, যা আজ প্রকাশ্য নিলামের মাধ্যমে মোট ৬২ হাজার ১০০ টাকায় বিক্রি করে সরকারি তহবিলে জমা দেওয়া হয়েছে।উল্লেখ্য, ইলিশের প্রজনন ও বংশবিস্তার সুরক্ষায় সারা দেশের ন্যায় দুমকিতেও ২২ দিনের বিশেষ নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে মাঠে কাজ করছে।