আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপসহ মোস্তাহিদুল ইসলাম ওরফে রিয়াদ (৩৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯শে অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের নারায়নপুর মোড় থেকে তাকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। আটক রিয়াদ মাগুরা সদর থানার মির্জাপুর গ্রামের আব্দুর রউফ মুন্সীর ছেলে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ এবং জীবননগর থানার ওসি সোলায়মান শেখের তত্ত্বাবধানে এসআই শোভন দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর পৌরশহরের নারায়নপুর মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মোস্তাহিদুল ইসলাম ওরফে রিয়াদ নামের এক যুবককে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা একটি কালো রংয়ের অ্যাপাসি আরটিআর মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৪৬ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, যা মোটরসাইকেলে বিশেষ কায়দায় তৈরি চেম্বারে লুকিয়ে রাখা ছিল।

এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।