বরগুনা প্রতিনিধি:: বরগানার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনধিকার প্রবেশ করে কক্ষের তালা ভেঙে রাতভর নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে একটি ফুটবল আয়োজন কমিটির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।রবিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিদ্যালয়ের ভেতরে দুই নারীকে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। তাঁদের সঙ্গে স্থানীয় কয়েকজন পুরুষও অংশ নেন। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এমন আয়োজনের দৃশ্য প্রকাশ্যে আসায় বিদ্যালয়ের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে রাতে বিদ্যালয়ের পাশেই পিকনিকের আয়োজন করেন ফুটবল আয়োজন কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা। অভিযোগ রয়েছে, রাতের বেলা বিদ্যালয়ের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে একটি কক্ষের তালা ভাঙা হয়। পরে পাশের আমতলী উপজেলা থেকে দুই নারীকে ভাড়া করে এনে সেখানে রাতভর নৃত্য পরিবেশন করানো হয়। এতে স্থানীয় কয়েকজনও অংশ নেন।
ভিডিওতে নৃত্যে অংশ নিতে দেখা যাওয়া ফুটবল আয়োজন কমিটির সদস্য মোয়াজ্জেম তালুকদার (আলাল) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ফুটবল খেলা শেষে পিকনিকের আয়োজন করা হয়েছিল। রাতে বৃষ্টি নামলে আমরা স্কুলের ভেতরে যাই। সেখানে দুই-একটি নাচ হয়েছে এবং পরে আমরা চলে আসি। ভিডিওতে আমাকে দেখা গেলেও স্থানীয় লোকজন আমাকে টেনে তুলেছিল; কে বা কারা ভিডিও করেছে আমি জানি না। এছাড়া নাচতে আসা দুই নারী এই এলাকার নন, তাঁদের আমতলী থেকে আনা হয়েছিল।”
চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কুমার ঢালি বলেন, “গত শুক্রবার তারা এ অনুষ্ঠান করেছে, যা আমি পরে জানতে পেরেছি। আমাকে কোনো কিছু না জানিয়ে বিদ্যালয়ের দেয়াল টপকে ও কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
তালতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার বলেন, “বিদ্যালয়ের সীমানা টপকে ভেতরে ঢুকে কক্ষের তালা ভেঙে এ ধরনের আয়োজন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা প্রধান শিক্ষককে তলব করেছি। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওতে যে দৃশ্য দেখা গেছে, তা স্পষ্ট স্কুলের ভেতরের এবং এমন অসামাজিক কার্যকলাপ সম্পূর্ণ অন্যায়।”এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”