গাজীপুর প্রতিনিধি:: শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আহত হয়েছেন এক বিজিবি সদস্য ও সাংবাদিকসহ কয়েকজন।
সোমবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্র এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। তাদের আন্দোলনের কারণে গাজীপুরের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।বেলা ১১টার দিকে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন।
এরপর দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। সেখানে আন্দোলনকারীরা পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।এদিকে সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সময় টেলিভিশনের এক প্রতিবেদক ও ক্যামেরাপারসন। এ সময় তাদের ক্যামেরাও ভাঙচুর করা হয়। একই ঘটনায় এসএ টেলিভিশনের এক ক্যামেরাপারসন পায়ে আঘাত পেয়েছেন।গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিকেরা সোমবারও বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন। আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ যৌথভাবে কাজ করছে।শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে।