নিজস্ব প্রতিবেদক:: পটুয়াখালীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে কুপিয়ে হাতের আঙুল বিচ্ছিন্ন ও পায়ের রগ কেটে গুরুতর জখম করার মামলার প্রধান অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার দুপুরে প্রধান অভিযুক্ত শাকিল ফকিরকে (৩০) রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। শাকিল পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া এলাকার বাসিন্দা রফিক ফকিরের ছেলে।
এসআরবি-৮ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার মামলার বরাতে জানান, প্রায় ১০ বছর আগে ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে শাকিল ফকিরের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। শাকিল ঢাকায় বসবাস করতেন। সম্প্রতি ব্যবসা করার কথা বলে অন্যান্য আসামির প্ররোচনায় স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। ঘটনার দিন শাকিলসহ অন্য আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ভুক্তভোগীর বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক এনে দেওয়ার দাবি করেন। গৃহবধূ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে হত্যার উদ্দেশ্যে শয়নকক্ষে থাকা বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এতে তার পায়ের রগ কেটে যায় এবং হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত শাকিল ফকির পলাতক ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি-৮ ও এসআরবি-২-এর যৌথ দল। শাকিল ফকিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।