গাজীপুর প্রতিনিধি:: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা এক সপ্তাহের অস্থিরতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বৃহস্পতিবার সকাল থেকে দলে দলে কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। তাদের উপস্থিতিতে কারখানাগুলোতে ফিরছে কর্মচাঞ্চল্য।

শিল্পাঞ্চলের কোথাও নতুন করে বিক্ষোভের খবর পাওয়া যায়নি। তবে কিছু এলাকায় শ্রমিকদের মধ্যে এখনো চাপা উৎকণ্ঠা বিরাজ করছে।খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত জেলার কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলও ছিল স্বাভাবিক।

তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁদের মধ্যে বিজিবির ১২ প্লাটুন, আনসারের পাঁচ প্লাটুন ও এসআরবির আট প্লাটুন সদস্য রয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও অন্যান্য বাহিনীর টহল জোরদার করা হয়েছে।তিনি আরও বলেন, যৌথ বাহিনীর কঠোর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।