নিজস্ব প্রতিবেদক।। দৈনিক জনবানী পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত দুটি সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর দাবি করে পত্রিকাটির সম্পাদক, মফস্বল বার্তা সম্পাদক এবং উজিরপুর উপজেলা প্রতিনিধিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান মাসুমের পক্ষে এ আইনি নোটিশ পাঠানো হয়। মাহফুজুর রহমান মাসুম এর পক্ষের আইনজীবী হলেন বরিশাল জজ কোর্টের এ্যাডভোকেট নুপুর রানী ভদ্র।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক জনবাণীর অনলাইন সংস্করণে ‘দালাল মাসুমের অপকর্ম—রূপায়ণ সাংস্কৃতিক সংঘে নামে সরকারি টাকা হরিলুট’ এবং ২৪ সেপ্টেম্বর ‘দালালের অপকর্ম পর্ব-২—উজিরপুরে স্বৈরাচারের দোসর মোস্তফার রক্ষাকবচ মাসুম’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এসব প্রতিবেদনে সাংবাদিক মাসুমকে ‘দালাল’ ও ‘রক্ষাকবচ’ হিসেবে আখ্যায়িত করার পাশাপাশি সরকারি অর্থ আত্মসাৎ, আর্থিক অনিয়ম, ব্যবসা দখল, রাজনৈতিক পরিচয় পরিবর্তন এবং ঠিকাদারদের ওপর প্রভাব বিস্তারসহ বিভিন্ন গুরুতর অভিযোগ করা হয়েছে।
আইনি নোটিশে বলা হয়, প্রকাশিত প্রতিবেদনগুলোতে এসব অভিযোগের পক্ষে নির্দিষ্ট সরকারি নথি, নিরীক্ষা প্রতিবেদন, তদন্ত প্রতিবেদন, আদালতের রায় কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত উপস্থাপন করা হয়নি। এতে তাঁর সামাজিক, ব্যক্তিগত ও পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, মোঃ মাহফুজুর রহমান মাসুম দৈনিক আমার দেশ ও বৈশাখী টেলিভিশনের উজিরপুর উপজেলা প্রতিনিধি, মেসার্স আভা কংক্রিট ব্রিকস অ্যান্ড ব্লক ফ্যাক্টরির নির্বাহী পরিচালক ও হেড অব মার্কেটিং এবং উজিরপুর রূপায়ন সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দাবি, প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কোনো সরকারি অর্থ আত্মসাৎ কিংবা প্রতিবেদনে উল্লেখিত অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।
নোটিশে অভিযোগ করা হয়, গুরুতর অভিযোগ প্রকাশের আগে তাঁর বক্তব্য গ্রহণের যথাযথ সুযোগ দেওয়া হয়নি এবং প্রকাশিত প্রতিবেদনে তাঁর বক্তব্যের যথাযথ প্রতিফলন ঘটেনি।
আইনি নোটিশে সাত দিনের মধ্যে প্রকাশিত দুটি প্রতিবেদন অনলাইনসহ সংশ্লিষ্ট সব মাধ্যম থেকে প্রত্যাহার, একই গুরুত্ব ও দৃশ্যমানতায় প্রতিবাদ ও সংশোধনী প্রকাশ, প্রকাশ্যে নিঃশর্ত লিখিত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার দাবি জানানো হয়েছে। পাশাপাশি তাঁর পেশাগত ও সামাজিক সুনামহানির জন্য আইনসম্মত ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে লিখিত প্রতিকারমূলক প্রস্তাব এবং সংবাদ প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংরক্ষণেরও দাবি জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ প্রতিকার না পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে দেওয়ানি ও ফৌজদারি প্রতিকারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
৫ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এ নোটিশে প্রাপক হিসেবে দৈনিক জনবাণীর সম্পাদক, মফস্বল বার্তা সম্পাদক এবং পত্রিকাটির উজিরপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইমদাদুল কাশেম সেন্টুর নাম উল্লেখ করা হয়েছে।