বরিশাল প্রতিনিধি:: সাবেক তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) এম জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার ৬৪ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও তাঁদের সহধর্মিণীদের জন্য শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
জহির উদ্দিন স্বপন জানান, কেন্দ্র থেকে প্রান্তিক অঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগের মূল মাধ্যম হিসেবে কাজ করেন গ্রাম পুলিশ। তাঁদের সুযোগ-সুবিধা ও প্রণোদনা বৃদ্ধির জন্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। সেটির অংশ হিসেবেই পোশাক, জুতা ও সাইকেল প্রদান করা হয়েছে। আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী এই বাহিনীর উদ্দেশে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন বলেও তিনি উল্লেখ করেন।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু ও পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফসহ স্থানীয় নেতৃবৃন্দ।