গাজীপুর প্রতিনিধি:: জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর ও জেলা শাখার নবনির্বাচিত দুই আমীর শপথ গ্রহণ করেছেন। শনিবার (০৭ নভেম্বর) পৃথক অনুষ্ঠানে মহানগর আমীর হিসেবে মো. খায়রুল হাসান এবং জেলা আমীর হিসেবে মাওলানা মো. শেফাউল হক দায়িত্ব গ্রহণের শপথ নেন।
মহানগর জামায়াতের শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক জামাল উদ্দিন। অন্যদিকে, সকাল সাড়ে ১০টায় গাজীপুর ড্রিম কনভেনশন হলে জেলা জামায়াতের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তরাঞ্চলের পরিচালক উপাধ্যক্ষ আব্দুর রব। তিনি পৃথকভাবে দুই নবনির্বাচিত আমীরকে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, অধ্যাপক জামাল উদ্দিন, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, জেলা জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ আব্দুল হাকিম, মাওলানা মো. দেলোয়ার হোসেন, ছাত্রশিবিরের মহানগর সভাপতি ইয়াছিন আরাফাত ও জেলা সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাঈল পাঠানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দায়িত্ব পালনে সবার সহযোগিতা চেয়ে নবনির্বাচিত মহানগর আমীর মো. খায়রুল হাসান বলেন, ‘আপনারা আমার সামনে সমালোচনা করবেন আর গোপনে আমার জন্য দোয়া করবেন।’ অন্যদিকে, জেলা জামায়াতের অনুষ্ঠানে বক্তারা নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, গত ০৪ নভেম্বর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার আমীরদের নাম ঘোষণা করা হয়। ওই ঘোষণায় গাজীপুর মহানগর শাখার আমীর হিসেবে মো. খায়রুল হাসান এবং জেলা শাখার আমীর হিসেবে মাওলানা মো. শেফাউল হকের নাম জানানো হয়।