ভোলা প্রতিনিধি:: ভোলার মনপুরা উপজেলায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসা করার সময় স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। এ সময় দুই খদ্দের পালিয়ে যায়।
শুক্রবার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের স্লুইসগেট সংলগ্ন ঝোপ থেকে তাদের আটক করেন স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।আটককৃতরা হলেন- দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মিজান ও তার স্ত্রী মোসা. নারগিস (ছদ্মনাম)। মিজান স্থানীয়ভাবে জাটকি মিজান নামে পরিচিত।জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয় রিপন চৌধুরী নামে এক ব্যক্তি নদীর তীরে মাদকসহ দুজনকে আটকে রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চালিয়ে মিজান ও তার স্ত্রীর কাছ থেকে ২৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
এদিকে স্থানীয়দের দাবি, সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার থেকে হোন্ডা চালক মাজেদের সহযোগিতায় হাজিরহাট ইউনিয়নের স্লুইসগেট সংলগ্ন বেড়িবাঁধার ওপর স্ত্রীকে নিয়ে যান স্বামী মিজান। হোন্ডা চালক মাজেদের মধ্যস্থতায় দুই খদ্দের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে ৫ হাজার টাকা চুক্তি করেছিলেন স্বামী মিজান। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই দম্পতিকে আটকে করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটকের পর এক ভিডিও বক্তব্যে মিজানের স্ত্রী দাবি করেন, দুই ব্যক্তির সঙ্গে ৫ হাজার টাকার বিনিময়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর চুক্তি করেছিলেন তার স্বামী। যার জন্যই হোন্ডায় করে ঘটনাস্থলে যান তারা। দীর্ঘদিন ধরেই স্বামীর কথায় এ ধরনের কাজ করছে বলেও জানান তিনি। তার স্বামী মিজানও এক বক্তব্যে অর্থের বিনিময়ে স্ত্রীকে দিয়ে এ ধরনের অনৈতিক কাজ করানোর বিষয়টি স্বীকার করেছেন।মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আটক ওই দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।