বরিশাল প্রতিনিধি:: দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবন। একসঙ্গে পথচলার এতগুলো বছর পেরিয়ে গেলেও কোলে আসেনি কোনো সন্তান। আর সেই সন্তান না হওয়ার অজুহাতেই শেষপর্যন্ত ভাঙনের মুখে পড়ল একটি সংসার। স্বামীর সিদ্ধান্ত বদলে বিচ্ছেদ ঠেকাতে শেষ চেষ্টা হিসেবে পা ধরে আকুতি-মিনতি করেও রক্ষা পাননি অসহায় স্ত্রী ইতি আক্তার।ঘটনাটি ঘটেছে বরিশালের হিজলা উপজেলায়। শনিবার (৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, একটি স্থানীয় সালিশি বৈঠকের মাঝে স্বামীকে তালাক না দেওয়ার জন্য বারবার অনুরোধ করছেন স্ত্রী। একপর্যায়ে তিনি স্বামীর পা ধরে কান্নাজড়িত কণ্ঠে সংসার টিকিয়ে রাখার আকুতি জানান। তবে স্ত্রীর সেই আকুতিতেও মন গলেনি স্বামীর। কেবল সন্তান না হওয়ার অজুহাতেই তিনি স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার সিদ্ধান্তে অটল থাকেন। এতে ইতি আক্তারের সাত বছরের দাম্পত্য জীবনের করুণ পরিণতি ঘটে।
স্থানীয় সংবাদকর্মীদের সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী দাবি করেছেন, দেশের বিভিন্ন স্থানের চিকিৎসকদের কাছে চিকিৎসা করিয়ে তিনি জানতে পেরেছেন তাঁর স্ত্রী কখনো সন্তানসম্ভবা হতে পারবেন না। এই কারণেই তিনি আর সংসার চালিয়ে নিতে চান না।ভুক্তভোগী ইতি আক্তারের বাড়ি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে। আর তাঁর স্বামীর বাড়ি মেহেন্দিগঞ্জের বাবনের চর এলাকায় হলেও তাঁরা নরসিংদীতে বসবাস করছিলেন। অসহায় নারী ইতি আক্তার স্থানীয় সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।