ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে সোমবার (০৯ নভেম্বর) নলছিটি থানায় মামলাটি দায়ের করে। এতে ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান ইউপি সদস্য সিরাজ মোল্লার বিরুদ্ধে থাকা আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে যায় পুলিশ। এ সময় তাঁকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁর স্বজন ও অনুসারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা।
ঘটনার পর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থান নিয়ে দপদপিয়া ও আশপাশের এলাকায় চিরুনি অভিযান শুরু করে। সোমবার দিনভর অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর মৃধার ছেলে রাকিব মৃধা ও রুবেল মৃধা, মজিবুর রহমানের ছেলে মিল্টন হাওলাদার, নূর মোহাম্মদের স্ত্রী সেলিনা বেগম, মজিদ হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার, মৃত মালেক মৃধার ছেলে রাশেদ মৃধা এবং মোবারক খলিফার ছেলে শহিদুল ইসলাম।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। মূল আসামিসহ এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।