আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বাধীন মিয়া (৩০) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৯ই নভেম্বর) দুপুরে উপজেলার পেয়ারাতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক স্বাধীন মিয়া জীবননগর পৌরশহরের লক্ষীপুর পাবনাপাড়ার নওশাদ আলীর ছেলে।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জীবননগর উপজেলার পেয়ারাতলা এলাকায় অভিযান চালিয়ে স্বাধীন মিয়া নামের এক যুবককে আটক করা হয়। এসময় তার পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেটে থাকা স্টার নামক সিগারেটের প্যাকেটের ভেতর হতে উদ্ধার করা হয় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট। এছাড়া উদ্ধার করা হয় মাদক বিক্রয়ের নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন।
এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম।