নিজস্ব প্রতিবেদক:: বরিশালের হিজলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ঘনবসতিপূর্ণ এলাকায় প্লাস্টিক প্রক্রিয়াজাত ও বর্জ্য পোড়ানোর অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদার।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘ইফরাস খান ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানটির মালিক গিয়াস উদ্দিন খান। কারখানাটিতে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন কেটে রাসায়নিক পদার্থ দিয়ে পরিষ্কার করা হয়। পাশাপাশি কারখানার ভেতরেই এসব বর্জ্য পোড়ানো হয়। এতে কালো ধোঁয়া ও দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
কারখানাটির পাশেই রয়েছে পূর্ব পত্তনীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয়দের অভিযোগ, কারখানা থেকে নির্গত ধোঁয়া ও দুর্গন্ধে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে স্বাভাবিক পাঠদানও ব্যাহত হচ্ছে।অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. ইলিয়াস সিকদার বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া প্লাস্টিক কারখানা পরিচালনা জনস্বাস্থ্যের জন্য হুমকি। প্রাথমিকভাবে কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। পুনরায় ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দ্রুত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পরিবেশগত শর্ত পূরণ ও প্রয়োজনীয় ছাড়পত্র নিতে ব্যর্থ হলে কারখানা বন্ধের নির্দেশনাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তবে শুধু জরিমানা নয়, কারখানাটি দ্রুত লোকালয় থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, কারখানার ধোঁয়া ও দুর্গন্ধে আশপাশের বহু মানুষ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।