বরিশাল প্রতিনিধি:: বরিশালের আগৈলঝাড়ায় প্রায় পাঁচ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাওছার খলিফা নামে এক ইজিবাইক চালককে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম সুজনকাঠী এলাকায় ইজিবাইকসহ কাওছারকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করেছে। বুধবার দুপুরে উদ্ধার করা বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে ইজিবাইকে করে একটি শক্তিশালী বোমা নিয়ে তালেরবাজারের দিকে যাচ্ছিলেন চালক কাওছার। পথে ইজিবাইকের ভেতরে একটি ব্যাগ দেখে সন্দেহ হয় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লার। তিনি চালককে গাড়ি থামাতে বললে কাওছার ইজিবাইক না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন।পরে ছাত্রদলের নেতাকর্মীরা এলাকাবাসীর সহায়তায় পশ্চিম সুজনকাঠী এলাকায় ইজিবাইকটির গতিরোধ করেন। এ সময় ব্যাগের ভেতরে বোমা দেখতে পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশকে খবর দেওয়া হয়।সংবাদ পেয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাওছার খলিফাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।বুধবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ঢাকার একটি ছয় সদস্যের বোমা নিষ্ক্রিয়কারী দল বরিশালে পৌঁছায়। পরে দলটি পশ্চিম সুজনকাঠী এলাকা থেকে বোমাটি উদ্ধার করে বাইপাস সড়কের পাশে স্টেডিয়ামের বালুর মাঠে নিয়ে নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় বুধবার আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আলামিন বাদী হয়ে মামলা করেন। মামলায় ইজিবাইক চালক কাওছার খলিফা ছাড়াও আরও দুজনের নাম উল্লেখ করা হয়েছে। কাওছার দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।বুধবার সকালে মামলার আসামি কাওছারকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন, স্থানীয় লোকজন বোমাসহ এক ইজিবাইক চালককে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বুধবার দুপুরে এসআরবি সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।এদিকে বোমা উদ্ধারের ঘটনা নিয়ে বুধবার বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন করেন বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান।