ভোলা প্রতিনিধি:: ভোলার দৌলতখানে কোস্টগার্ড দক্ষিণ জোন ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ৫১ ব্যারেল অবৈধ ফার্নেস অয়েলসহ পিকআপ আটক করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কারিমিয়া কওমি মাদ্রাসার সামনে এ অভিযান চালানো হয়।
অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা ৫১ ব্যারেল ফার্নেস অয়েল ও পিকআপটি জব্দ করেন। গাড়িটির গায়ে ‘মা-বাবার দোয়া পরিবহন’ লেখা রয়েছে। পিকআপটি ইশার ব্র্যান্ডের এবং এর নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ড-১২-২৬৪৪।
খবর পেয়ে দৌলতখান থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে জব্দ করা ফার্নেস অয়েল ও পিকআপটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম বলেণ, জব্দ করা ফার্নেস অয়েলের প্রকৃত পরিমাণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।তিনি আরও বলেন, জব্দ করা মালামাল ও পিকআপ আদালতে হস্তান্তর করা হবে। কেউ এগুলোর মালিকানা দাবি করলে আদালতের অনুমতি সাপেক্ষে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হবে।