গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত এক ব্যক্তির বসতঘর ও গোয়ালঘরে অগ্নিসংযোগ করেছে। এতে ঘর দুটি সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শাহজিরা গ্রামের আজিজ মীরা (৬৫)-এর গোয়ালঘরে একটি চোরাই গরু রয়েছে বলে অভিযোগ ওঠে। স্থানীয় কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে গরুটি শনাক্ত করার দাবি করেন। এ সময় আজিজ মীরা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে তাদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে নিরাপত্তাহীনতায় ভুগে আজিজ মীরার পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় বাসিন্দা মৃত নাজিম আলী শিকদারের ছেলে আদম আলী শিকদার জানান, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বুধবার রাত ৩টা পর্যন্ত তিনি নিজের গোয়ালঘর পাহারা দেন। পরে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর গোয়ালঘরে গিয়ে গরু না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বৃষ্টির কারণে মাটিতে গরুর পায়ের ছাপ দেখতে পেয়ে সেগুলো অনুসরণ করে একই গ্রামের আজিজ মীরার বাড়িতে যান। সেখানে গরু পালনের বিষয়ে জানতে চাইলে আজিজ মীরা গরু পালন করেন না বলে জানান। পরে তার গোয়ালঘর থেকে গরুর শব্দ শুনে ভেতরে গিয়ে নিজের গরু শনাক্ত করেন বলে দাবি করেন আদম আলী।