অনলাইন ডেস্ক:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আগুন লাগার ঘটনায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টায় নুসরাত নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন।এ মামলায় এজাহারনামীয় আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

তারা হলেন-কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার এবং যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।এছাড়া মামলায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে।মামলা করার সময় এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। ওই বাড়িতে নুসরাতের পরিবারের কেউ থাকেন না। সেখানে তাদের গবাদিপশুর খামার রয়েছে। আগুনে তাদের দুটি ছাগল ও কয়েকটি মুরগি মারা গেছে।এদিকে নুসরাত তাবাসসুম ও তার পরিবারের ধারণা, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।