চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি ।।
ভোলার চরফ্যাশনে ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ শোভাযাত্রায় প্রায় তিন শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
শোভাযাত্রাটি ওমরপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র ভূঁইয়ারহাট বাজার থেকে শুরু হয়ে জনতা বাজার ও মুখার বান্দা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চরফ্যাশন উপজেলা সদরে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপজেলা বিএনপির কার্যালয়ে
উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্স, সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল, চরফ্যাশন পৌরসভা যুবদলের আহ্বায়ক আবুবকর সিদ্দিক মিল্টন এবং উপজেলা যুবদল নেতা চয়ন কুমার, রাজিব, হারুনুর রশিদ, সাইফুল ইসলাম, নুরনবী ও জে এইচ রাজুসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।
শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা উপজেলা যুবদলের নেতৃবৃন্দের কাছে মোহাম্মদ ইউসুফকে ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি করার দাবি জানান।
সমর্থকদের ভাষ্য, মোহাম্মদ ইউসুফ দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকা একজন ত্যাগী ও নির্যাতিত নেতা। বিগত সরকারের সময় নানা রাজনৈতিক প্রতিকূলতা ও বাধা মোকাবিলা করে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন। বিভিন্ন অপশক্তির মোকাবিলা করে দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা করা এবং সাংগঠনিকভাবে সুসংগঠিত রাখতে ভূমিকা পালন করেছেন তিনি। স্থানীয় পর্যায়ে আন্দোলন-সংগ্রামে ত্যাগী নেতাকর্মীদের অন্যতম সিপাহী হিসেবে পরিচিত মোহাম্মদ ইউসুফকে তারা জনবান্ধব নেতা হিসেবেও উল্লেখ করেন।
এ সময় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল। তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যেই উপজেলার ২১টি ইউনিয়নে যুবদলের কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে যোগ্য, ত্যাগী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। তিনি কর্মী-সমর্থকদের বক্তব্য ও দাবিগুলো গুরুত্বসহকারে শোনেন এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনের বিষয়ে আশ্বস্ত করেন।