নিজস্ব প্রতিবেদক:: সুন্দরবনের খুলনা অঞ্চলে অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা ও ২টি হরিণের চামড়া জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা আলামতের আনুমানিক বাজারমূল্য ৭৮ হাজার টাকা।রোববার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৬টায় খুলনার কয়রা থানাধীন বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কয়রা। অভিযান চলাকালে ওই এলাকা থেকে ২৮ কেজি হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা ও ২টি হরিণের চামড়া জব্দ করা হয়।তিনি আরও জানান, জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।