বরিশাল ব্যুরো:: গৌরনদীতে ঝালকাঠির আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাটাজোর এলাকার একটি বসতবাড়িতে পরিচালিত এই অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহে আলম, শাথিল আহমেদ বিশ্বাস ও রবিউল বেপারী। এসআরবি-৮-এর মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাটাজোর এলাকার ওই বাড়িতে অভিযান চালায় এসআরবি-৮-এর একটি দল। অভিযানের বিষয়টি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই তিনজনকে আটক করা হয়। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগানসহ মোট আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া ৩৩টি পিস্তলের ম্যাগাজিন, বিভিন্ন ধরনের ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ, অস্ত্রের সরঞ্জাম, মোবাইল ফোন এবং আলামত সংরক্ষণের ব্যাগ জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, জর্দা শামীম গ্রেপ্তার হওয়ার পর তাঁর কাছে থাকা অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীতে তাঁর মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নিয়ে আসা হয়। পরে সহযোগীদের মাধ্যমে এসব অস্ত্র গোপনে সংরক্ষণ ও কেনাবেচার ব্যবস্থা করা হচ্ছিল।
উদ্ধার করা অস্ত্রের উৎস, এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তকরণ এবং অস্ত্রগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখছে এসআরবি-৮। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার তিনজন ও উদ্ধার করা আলামত গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।