ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে সারারাত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আদালত তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করেন।মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন। কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল এই অভিযানে সহায়তা করে।

আটক ব্যক্তিরা হলেন- বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কাফিলা এলাকার মো. নাঈম শরীফ (২০), কাঁঠালিয়া উপজেলার মধ্য কৈখালী এলাকার মো. মিলন (২৯), বরগুনা জেলার তেঁতুলবাড়িয়া এলাকার মো. নিজাম (৩৯) ও দক্ষিণ তেঁতুলবাড়িয়া এলাকার মো. ইসমাইল (২৭) এবং রাজাপুর উপজেলার আরুয়া এলাকার মো. হায়দার সিকদার (৩২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আটক ব্যক্তিদের বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়ের করা হয়। পরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন জানান, বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী অবৈধ উপায়ে বালু তুলতে পারবেন না।