নিজস্ব প্রতিবেদক:: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিস পাঠানো হয়েছে। কূটনৈতিক প্রক্রিয়ায় তাঁকে ফিরিয়ে আনার পাশাপাশি দেশে পৌঁছানোর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িকে বিশেষ সাব-জেল ঘোষণার প্রস্তাবও দেওয়া হয়েছে নোটিসে।বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাকযোগে ও ইমেইলে এ নোটিস পাঠান।

নোটিসে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে।

আইনজীবীর দাবি, রাষ্ট্রীয় গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তা রক্ষা, প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সংঘাত এড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারতে অবস্থান করে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।এর মধ্যে গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। পরে গত ৯ নভেম্বর রয়টার্সের আরেক প্রতিবেদনে তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার বিষয়টি সামনে আসে।

বাংলাদেশ সরকার শুরু থেকেই বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে দাবি জানিয়ে আসছে। তবে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নে বারবার আইনি প্রক্রিয়ার বিষয়টি উল্লেখ করেছে।

আইনজীবী মাহমুদুল হাসানের পাঠানো নোটিসে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সাতটি আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়েছে।প্রথমত, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানোর কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের বিধান উল্লেখ করে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এরপর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে তাঁকে হেফাজতে নেওয়া এবং হাইকমিশন থেকে ট্রাভেল পাস দিয়ে বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ চার্টার্ড বিমানে দেশে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।

সবচেয়ে আলোচিত প্রস্তাবটি হলো, শেখ হাসিনা দেশে পৌঁছানোর আগেই কারা আইন ও জেল কোড অনুসরণ করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িকে বিশেষ সাব-জেল ঘোষণা করা। বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে করে তাঁকে সেখানে নেওয়ার প্রস্তাবও রয়েছে নোটিসে।এ ছাড়া দেশে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদন করে আপিল করার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অন্যান্য আদালতে বিচারাধীন মামলায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের ব্যবস্থার প্রস্তাবও রয়েছে।

নোটিসে বলা হয়েছে, দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকার কারণে শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য রয়েছে। ভারতে তাঁর দীর্ঘ অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবী।

এ প্রসঙ্গে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয় নেওয়ার উদাহরণ তুলে ধরা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক যুদ্ধ ও ভূরাজনৈতিক সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করে বাংলাদেশ-ভারতের মধ্যে সম্ভাব্য বৈরিতা বা সশস্ত্র সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।আইনজীবী মাহমুদুল হাসান মামুন বলেন, নোটিসে ১৫ দিনের মধ্যে কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নিয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে।