আমতলী (বরগুনা) প্রতিনিধি:: বরগুনার আমতলীতে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৃথক অভিযান চালিয়ে মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১১ জনকে লকডাউন ঘিরে সংঘটিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এবং একজনকে বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার শাখারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করতে বুধবার রাতে আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক আহমেদ ত্বোহা ও রাহাত মৃধার নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী শাখারিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।পুলিশ জানায়, ঘটনার পরপর সিফাত আকন ও রাব্বি আকনকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোট ১১জনকে , গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাঈম হাওলাদার (১৬), জোবায়ের মৃধা (১৭), রাশেদুল হাওলাদার (১৬), নাঈম খান (১৫), শুভঙ্কর দাস (২১), জাবের ইসলাম (২১), সিফাত আকন (১৫), রাব্বি আকন (১৭), সাইমুন হাওলাদার (১৬), ইমরান (১৬) ও নাঈম (১৬)।

এদিকে বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় পৃথক অভিযানে আমতলী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ি এলাকার বাসিন্দা।

অন্যদিকে লকডাউন কর্মসূচি প্রতিহত করার আহ্বান জানিয়ে একই রাতে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব তুহিন মৃধা ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কবির ফকিরের নেতৃত্বে পৃথক বিক্ষোভ মিছিল হয়।

আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক আহমেদ ত্বোহা বলেন, পরদিনের লকডাউন সফল করতে তারা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মতিন খান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে লকডাউনের আহ্বান জানানো হয়েছে। কর্মসূচি সফল করতে ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলন করেছেন।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লকডাউন ঘিরে সংঘটিত ঘটনায় ১১ জনকে এবং পৃথক নাশকতার মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।