বরিশাল প্রতিনিধি:: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও সাবেক তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে আওয়ামী লীগ জাতীয় পর্যায়ে যে তাণ্ডব ও সন্ত্রাস চালানোর পরিকল্পনা করেছিল, তা এখন শুধু টুঙ্গিপাড়াকেন্দ্রিক করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ এখনো লাশের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। দলটি ক্ষমতায় থাকলেও মানুষ হত্যা করে, আবার ক্ষমতার বাইরে থাকলেও মানুষ হত্যা করে। ভাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির দুই নেতাকর্মীকে আওয়ামী লীগ হত্যা করেছে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে চাইলে তাদের সব হত্যাকাণ্ডের দায় স্বীকার করতে হবে।

বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি ভোট ডাকাতি করে ক্ষমতায় আসেনি, জনগণের ভোটে সরকার গঠন করেছে। দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে।

রোববার আগৈলঝাড়া উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শিকদার হাফিজুর রহমান।সভায় জহির উদ্দিন স্বপন আরও বলেন, থানায় আটক কোনো আওয়ামী লীগ নেতাকর্মীকে ছাড়িয়ে আনতে বিএনপির কেউ তদবির করলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষ বর্ধিত সভায় আরও বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

একই দিন বিকেলে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আরেকটি বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এম জহির উদ্দিন স্বপন এমপি। গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামাল মিন্টুসহ অন্যান্য নেতারা।