বরিশাল প্রতিনিধি:: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করেছে মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশ। তাদের মধ্যে একজন চিহ্নিত মাদক কারবারি এবং অন্য দুজন ক্রেতা।রোববার (২৩ নভেম্বর) দিনগত রাত সোয়া ১১টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ১ নম্বর গলি থেকে তাদের আটক করা হয়।বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- নগরীর পলাশপুর এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত মাদক কারবারি সুমন ওরফে মান্না সুমন, মাদকসেবী মো. রুহুল সিকদার ও সামির খান।ওসি মুহাম্মদ জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ পলাশপুর কলোনিতে অভিযান পরিচালনা করে।

এ সময় মাদকের আসর থেকে মাদক কারবারি মান্না সুমনসহ তিনজনকে আটক করা হয়। পরে মান্না সুমনের ঘরে তল্লাশি করে ছয় পিস ইয়াবা, একটি চাকু, একটি চায়নিজ কুড়াল এবং মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়েছে।
ওসি জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাদের আদালতে সোপর্দ করা হবে। তবে মান্না সুমনের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে।