নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হিরাঝিল আবাসিক এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে বুলডোজার দিয়ে একটি টিনশেড বসতবাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় জুবায়ের নামে এক বেকারি মালিককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে হিরাঝিল আবাসিক এলাকার ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বর্ণকার শাহীন ও তার লোকজনকে দায়ী করেছেন ভুক্তভোগীরা।

ঘটনাস্থলে দেখা যায়, বসতবাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভাঙা ইট, টিন, কাঠ ও গৃহস্থালি সামগ্রী।ভুক্তভোগী জয়নাল মিয়ার মা জহুরা বেগম অভিযোগ করে বলেন, ‘ভোররাতে স্বর্ণকার শাহীন ও তার লোকজন আমাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে।’ হিরাঝিল আবাসিক এলাকার সমাজকল্যাণ সমিতির সভাপতি আলহাজ আব্দুল মতিন বলেন, ‘রাতের আঁধারে ৭০ থেকে ৮০ জনের একটি দল এলাকায় এসে হামলা চালায়। তারা বুলডোজার দিয়ে টিনশেড বাড়ি ভাঙচুর করে। আমরা প্রায় ৩০ বছর ধরে এ এলাকায় বসবাস করছি। কিন্তু এমন ঘটনা আগে কখনো দেখিনি।’