ভোলা প্রতিনিধি:: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ভোলার চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে ডিম ও দুধ বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর-ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু পালন, উন্নত জাতের পশু উৎপাদন এবং খামারিদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি এ খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণ সম্ভব হবে।

বক্তারা আরও বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদ খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ জন্য খামারিদের আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় প্রশিক্ষণের আওতায় আনতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস। মেরিন ফিশারিজ প্রকল্পের সাবেক কর্মকর্তা সায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাবেক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজন আলী। এ সময় প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের চলমান সেবা এবং খামারিদের উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সচিত্র প্রেজেন্টেশন উপস্থাপন করেন ভেটেরিনারি সার্জন লিখন কুমার শীল।

এর আগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জনসচেতনতা বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে প্রাণিসম্পদ উপসহকারী মিজানুর রহমানের তত্ত্বাবধানে চরফ্যাশন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ডিম ও দুধ বিতরণ করা হয়।কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় খামারিরা অংশ নেন।