রিপোর্টার শামীম মীর:: বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গলইভাঙা হাট থেকে সাংবাদিক এস এম জহিরুল ইসলামের বাড়ি হয়ে সালামাত উল্লাহ কারী সাহেবের কবরস্থান পর্যন্ত সড়কের উন্নয়নকাজে ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নকাজ চললেও কাজের গতি অত্যন্ত ধীর। ফলে সড়ক দিয়ে স্বাভাবিকভাবে চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন এবং নির্মাণসামগ্রী আনা-নেওয়ার ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়ছেন তারা।
এলাকাবাসী জানান, সড়কটির ওপর নির্ভরশীল কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন নানা প্রয়োজনে এ পথ ব্যবহার করেন। কিন্তু উন্নয়নকাজ যথাসময়ে শেষ না হওয়ায় কাদা, ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী অবস্থার সৃষ্টি হয়েছে। এতে কৃষকরা উৎপাদিত ফসল বাজারে নিতে যেমন বিড়ম্বনায় পড়ছেন, তেমনি বাড়িঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ইট, বালু, রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী পরিবহনেও সমস্যার সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন করে জনসাধারণের চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা গ্রহণ করুক। পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করারও দাবি জানিয়েছেন তারা।