২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

‘ওসিকে গালাগালির’ অডিও ফেসবুকে, বিএনপি নেতা আটক

আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করা হয়েছে।রোববার দুপুর সাড়ে ১২টায় ডিবি পুলিশ তাকে জেলা শহরের শায়েস্তানগরে তার বাসা থেকে আটক করে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আঁখি রাণী দাস বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। রোববার দুপুরে তাকে হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির সভাপতির একটি ফোনকল আমি ধরতে পারিনি। পরে তিনি অন্য একজনের ফোনে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং বলেছেন- ‘বাহুবলে চাকরি করতে হলে তাকে জিজ্ঞেস করেই করতে হবে।’অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার বলেন, আমি সরাসরি তাকে কল দিয়েছি এমনটা প্রমাণ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম।

তিনি বলেন, বর্তমান ওসির বিরুদ্ধে বিভিন্ন অবৈধ ব্যবসা, মাদক ও জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে ক্ষোভ আছে। প্রশাসন চাইলে বিষয়গুলো তদন্ত করে দেখতে পারে।

জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা (গত সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী) মখলিছুর রহমানের সঙ্গে সম্প্রতি মোবাইল ফোনে কথা বলছিলেন বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলাম। এ সময় মখলিছুর রহমানের পাশ থেকে উত্তেজিত হয়ে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার ওসিকে উদ্দেশ করে আপত্তিকর ভাষায় মন্তব্য করতে থাকেন। এমন একটি অডিও রেকর্ড ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অডিওতে একপর্যায়ে তাকে বলতে শোনা যায়- ‘বাহুবলে ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করেই করতে হবে।’অডিওটি ভাইরাল হওয়ার পর রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। এ অবস্থায় রোববার দুপুরে তাকে শহরের শায়েস্তানগরে নিজ বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network