আপডেট: September 5, 2026
বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলী উপজেলার বগীরদোনা খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ লোহার সেতুটি ভেঙে পড়ে তালুকদার পাড়া ও বড়াইতলী এলাকার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো সাধারণ মানুষ এবং ব্যাহত হচ্ছে স্থানীয় শিক্ষার্থীদের স্বাভাবিক লেখাপড়া।
জানা যায়, প্রায় দুই যুগ আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে উপজেলার বড়বগী ও নিশানবাড়িয়া ইউনিয়নের সংযোগ রক্ষায় সেতুটি নির্মিত হয়। দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় থাকা সেতুটি সম্প্রতি পুরোপুরি ভেঙে পড়ে। এর ফলে মৌরভী, পাওয়া পাড়া, তালুকদার পাড়া ও বড়াইতলীসহ আশপাশের কয়েক গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে।
বর্তমানে বিকল্প কোনো পথ না থাকায় তালুকদার পাড়া মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় খাল পারাপার হচ্ছে। স্থানীদের আশঙ্কা, যেকোনো সময় নৌকা উল্টে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের জানান, পারাপারের ভোগান্তির কারণে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার যেমন কমছে, তেমনি ব্যাহত হচ্ছে পাঠদান।বিষয়টি নিশ্চিত করে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, ভেঙে যাওয়া সেতু অপসারণসহ নতুন সেতু নির্মাণের ব্যবস্থার জন্য উপজেলা প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থী ও জনগণের সাময়িক দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে একটি কাঠের সাঁকো নির্মাণের জন্য প্রাক্কলনের কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যে পারাপারের বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

