আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬
নাজমুল হক মুন্না:: বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নে বিএনপি নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংরক্ষিত ওয়ার্ডের এক নারী ইউপি সদস্যের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
রোববার (ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে শোলক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সীমা রানীর দৃষ্টান্তমূলক শাস্তি ও পদত্যাগ দাবি করেন।
বক্তারা অভিযোগ করেন, শোলক ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা ও ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পরেশের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে সীমা রানী তার ফেসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তাদের দাবি, ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে এভাবে মিথ্যাচার করা অনভিপ্রেত ও নিন্দনীয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অভিযোগের বিষয়ে মিজানুর রহমান পরেশ বলেন, তার রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
তবে অভিযুক্ত ইউপি সদস্য সীমা রানীর বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মানববন্ধনে স্থানীয় যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

