আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, যা বিরতিহীনভাবে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে চুয়াডাঙ্গা-২ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হবেন জীবননগর উপজেলার সন্তান।
চুয়াডাঙ্গা-২ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী। তাঁরা হলেন- চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু, জেলা জামায়াতে ইসলামীর আমির দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমিন ও বাংলাদেশ ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাতপাখা প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান সজীব।
প্রার্থী তিন জন হলেও মূল লড়াই হবে মাহমুদ হাসান খান বাবু ও রহুল আমিনের মধ্যে। যারা দুজনই জীবননগর উপজেলার সন্তান। মাহমুদ হাসান খান বাবুর বাড়ি জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামে। আর রহুল আমিনের বাড়ি একই উপজেলার ধোপাখালী গ্রামে। পূর্বে চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলা থেকে এমপি নির্বাচিত হলেও জীবননগর উপজেলা থেকে কেউ কোনোদিন এমপি নির্বাচিত হয়নি।
উল্লেখ্য, জীবননগর ও দামুড়হুদা উপজেলা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে চুয়াডাঙ্গা-২ আসন গঠিত। আসনটিতে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ৪৫৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ৭১৭, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৭৩৬, আর ৪ জন ভোটার হলেন তৃতীয় লিঙ্গের।

