আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬
ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ফরিদপুর শহরের রঘুনন্দপুর এলাকার হাউজিং এস্টেটের উষা ভবন ও আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ।
অভিযানকালে ভবনের সামনে ও ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো দুই সহযোগীকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, আশিকুর রহমান রাহাতের (২৫) কাছ থেকে ২০টি প্যাকেটে ৪ হাজার পিস, সুমন মৃধার (৩২) কাছ থেকে ১৪টি প্যাকেটে ২ হাজার ৮০০ পিস এবং খোলা অবস্থায় আরো ১০০ পিসসহ মোট ২ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মিরাজুল ইসলামের (২৯) কাছ থেকে ১৬টি প্যাকেটে ৩ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।সব মিলিয়ে ১০ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।আটক তিনজনের স্বীকারোক্তির ভিত্তিতে রুমান মোল্লা (২৯) ও মোহাম্মদ সোলায়মান মৃধা (২৬) নামে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।জেলা ডিবির ওসি মামুনুর রশিদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে মাদকের মূল উৎস ও সম্ভাব্য বড় নেটওয়ার্ক শনাক্তের চেষ্টা চলছে।’
জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ব্যাপারে সাধারণ জনগণকেও সচেতন হতে হবে।গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

