আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬
বাকেরগঞ্জ প্রতিনিধি:: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বাকেরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।পুষ্পস্তবক অর্পণের পর এমপি আবুল হোসেন খান ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান। এ সময় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ উপস্থিত ছিলেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ।রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়েই অর্জিত হয় স্বাধীনতা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। গর্ব আর শোকের এই দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে জাতি।
প্রতি বছরের ন্যায় এবারও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সুশৃঙ্খল আয়োজনটি করে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মহান একুশের প্রথম প্রহরে বাকেরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই শুরু হয় শ্রদ্ধা জানানোর পরবর্তী পর্ব।এরপর বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ বাহিনী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। পর্যায়ক্রমে বাকেরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, বাকেরগঞ্জ প্রেসক্লাব এবং বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলের তোড়া নিয়ে শহীদ মিনারে উপস্থিত হয়ে ভাষাশহীদদের প্রতি সম্মান জানান।

