২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ভোলায় নলকূপ থেকে পানির পরিবর্তে বের হচ্ছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য

আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ :: ভোলায় একটি নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে। অনিয়ন্ত্রিতভাবে গত ৩ দিন ধরে প্রাকৃতিক এ গ্যাসের উদগিরণ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।তবে কেন পানির পরিবর্তে অনবরত গ্যাস বের হচ্ছে, তা বলতে পারছে না কেউ। এমন অবস্থায় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ৩ দিন আগে ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতলী গ্রামের জেবল হক মাঝির বাড়িতে একটি নলকূপ বসান বাড়ির লোকজন।মাটির ৭০ ফুট নিচে পাইপ বসানোর কাজ শেষ হলে যখন পানি উত্তোলনের চেষ্টা করা হয়, তখন ওই নলকূপ থেকে পানি বের না হয়ে ‘সো সো’ শব্দ করে গ্যাসের উদগিরণ শুরু হয়। স্থানীয়রা তখন নলকূপে পরীক্ষার জন্য লাইটার দিয়ে আগুন ধরালে নলকূপ থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

ওই বাড়ির বাসিন্দা জেবল হক ও নাছিমা বলেন, আমাদের বাড়িতে পানির সংকট থাকায় পানির চাহিদা পূরণে বাড়ির উঠানে টিউবওয়েল বসালে সেটি থেকে গ্যাস বের হতে থাকে।

তখন আমরা দিয়াশলাই দিয়ে আগুন দিলে টিউবওয়েলের মুখে আগুন জ্বলে ওঠে।
ওই বাড়ির বাসিন্দা আবু মাঝি, রাবেয়া ও মোসলেম উদ্দিন বলেন, গ্যাস নাকি অন্য কিছু-তা সরকারিভাবে পরীক্ষা করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। কারণ, এভাবে আগুন জ্বলতে থাকলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

এদিকে নলকূপ থেকে পানির পরিবর্তে গ্যাস ও আগুন বের হওয়ার ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এমন পরিস্থিতির সঠিক পরীক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী মোসলেম উদ্দিনসহ অন্যরা জানান, আমাদের গ্রামে তিনশ ফুট নিচেও টিউবওয়েল খনন করা হয়েছিল, কিন্তু তখন এমনটি হয়নি। এখন যেহেতু গ্যাস বের হচ্ছে, এটি আমাদের চিন্তার বিষয়।

এ ব্যাপারে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, বিষয়টির পরীক্ষা-নিরীক্ষার জন্য বাপেক্স কর্তৃপক্ষকে জানানো হবে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।এদিকে নলকূপ থেকে অনবরত গ্যাস বের হওয়ার ঘটনাটি কেউ কেউ সুখবর মনে করলেও অনেকেই মনে করছেন, দুর্ঘটনার ঝুঁকি এড়াতে দ্রুত সঠিক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network