মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা খুন, আটক ৪

আপডেট: September 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: মসজিদ কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হাসান (৩৯) খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূলহোতা হিসেবে আসিফ হোসেনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

আসিফ আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কারণ হিসেবে মসজিদ কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিরোধের কথা জানিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।শনিবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।তিনি জানান, হত্যাকাণ্ডের পর থেকেই বাঘারপাড়ার খাজুরা ক্যাম্প পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে আসিফ হোসেন ছাড়াও রাব্বি হোসেন (২০), মারুফ হোসেন (২৩) ও সামিনুরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু ও ছোট আকৃতির একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের মূলহোতা আসিফ হোসেন শুক্রবার সন্ধ্যার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি মসজিদ কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট কোন্দলের জের ধরে রুবেলকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন।

পুলিশ জানায়, গত ১৩ জুলাই বাঘারপাড়া উপজেলার খাজুরা তেল পাম্পসংলগ্ন যশোর-মাগুরা মহাসড়কে দুর্বৃত্তদের হামলায় নিহত হন বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাসান।গ্রেফতার চারজনের মধ্যে সামিনুর ছাড়া বাকি তিনজনই মামলার এজাহারভুক্ত আসামি। রাব্বি হোসেনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network