গলাচিপায় পটকা ফোটাতে গিয়ে হাতের পাঁচ আঙুল উড়ে গেল তরুণের

আপডেট: October 26, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর গলাচিপায় লক্ষ্মীপূজা উপলক্ষে বাজি ও পটকা ফোটাতে গিয়ে বিস্ফোরণে অমিত হাজারি নামে এক তরুণের হাতের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত অমিত ওই গ্রামের অর্জুন হাজারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপূজা উপলক্ষে আনন্দ-উল্লাসের একপর্যায়ে পটকা ফোটাতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত হন অমিত। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল নোমান বলেন, আহত অমিতের হাতে ডিগ্লোভিং ইনজুরি (ত্বক ও নরম টিস্যু মারাত্মকভাবে উঠে যাওয়া) হয়েছে। বিস্ফোরণে তার হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতটি রক্ষা করা যাবে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, লক্ষ্মীপূজা উপলক্ষে আনন্দ-উল্লাস করতে গিয়ে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network