আপডেট: September 7, 2026
আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে বিজিবি। এসময় তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে ৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ, একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন।
রবিবার (৬ই সেপ্টেম্বর) রাতে উপজেলার মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হরিহরনগর গ্রামের বটতলা বাজারের পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ থানার আনন্দবাগ গ্রামের আরজুল মণ্ডলের ছেলে ইব্রাহিম খলিল (২৬) এবং আড়পাড়া গ্রামের সাধন কুমার দাসের ছেলে অনিক দাস (২৬)।
বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মেদিনীপুর বিওপির একদল বিজিবি রবিবার রাত সাড়ে ৯টার সময় সীমান্ত পিলার ৬৩/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের বটতলা বাজারে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় ৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোনসহ দুই যুবককে আটক করা হয়। আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

