আপডেট: September 8, 2026
নিজস্ব প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের নিমতলা বাজার থেকে বাদলপাড়া বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা! রাস্তার কিছু অংশে ইট উঠে গিয়ে বিভিন্ন স্থানে গর্ত হয়েছে। বৃষ্টি হলে গর্তে পানি জমে চলাচলের অনুপযোগী! সড়কের বিভিন্ন অংশে ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় গর্ত। কোথাও কোথাও সড়কের নিচের মাটি সরে গিয়ে ধসের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, নিমতলা ও বাদলপাড়া এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তাটি দিয়ে প্রতিদিন এলাকার বাসিন্দারা চলাচল করে। এ ছাড়া মধ্য বাদলপাড়া এমরানিয়া দাখিল মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদেরও এ রাস্তা দিয়ে চলাচল করতে হয় এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বছরের পর বছর ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

