রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সরকারের নৃশংসতার বিচার চায় নেদারল্যান্ডস

আপডেট: October 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্টিফ ব্লক বলেছেন, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি মিয়ানমার সরকারের নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে নেদারল্যান্ডস সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে স্টিফ ব্লক একথা বলেছেন বলে সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ আব্দুল মোমেনের সাথে সাক্ষাত করে তাঁর দেশের পররাষ্ট্রমন্ত্রীর চিঠিটি হস্তান্তর করেন।

সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গত ২ রা সেপ্টেম্বর নেদারল্যান্ডস এবং কানাডা এক যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিপক্ষে দায়ের করা গাম্বিয়ার মামলার সমর্থনে সার্বিক সহযোগিতার অঙ্গীকার করেছে বলে উল্লেখ করেন। তিনি বলেন ওই বিবৃতিতে নেদারল্যান্ডস এবং কানাডা আদালতে একটি পৃথক যৌথ আবেদন পেশ করবে বলেও জানানো হয়। মিয়ানমার সরকার ২০১৭ সালের আগস্ট মাস থেকে দেশটির রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে এমন অভিযোগে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া গত বছর ১৯৪৮ সালের গণহত্যা বিষয়ক কনভেনশন লঙ্ঘনের দায়ে মিয়ানমারের বিপক্ষে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে।

এই মামলার ভবিষ্যৎ সম্পর্কে ভয়েস অফ অ্যামেরিকার তরফে জাহাঙ্গিরনগর বিশ্ব বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন সময় গড়িয়ে যাওয়ার ফলে এই মামলা তার গুরুত্ব হারিয়েছে । নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেন অস্থায়ীভাবে আশ্রয়প্রাপ্ত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য নেদারল্যান্ডসের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। একই সাথে তাঁর দেশ রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান ও ন্যায় বিচারের ওপর জোর দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন রোহিঙ্গা্রদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে সমন্বয় করে রাখাইন রাজ্যে সহায়ক পরিবেশ সৃষ্টিতে এবং রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে নেদারল্যান্ডসকে কার্যকর ভূমিকা রাখার জন্য তিনি আহ্বান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network