৩০ সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়

আপডেট: August 22, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানি চলছে সিবিআই বিশেষ আদালতে। আগামি ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই মামলার রায় দিতে আদালতকে নির্দেশ দিল ভারতীয় সুপ্রিম কোর্ট। এর আগে ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু লখনউয়ের সিবিআই আদালতের বিচারক এসকে যাদব আরো সময় চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন। সেই আবেদনে গ্রহণ করে আরো একমাস বাড়ানো হলো রায় ঘোষণার দিনক্ষণ।

২০১৭ সালে সুপ্রিম কোর্ট ওই আদালতকে প্রতিদিন শুনানির মাধ্যমে দু’বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিল। এদিনের নির্দেশে সুপ্রিম কোর্ট বলেছে, ‘বিশেষ বিচারক সুরেন্দ্র কুমার যাদবের আবেদন খতিয়ে দেখে আমরা আরো একমাস সময় বাড়ালাম। ৩০ সেপ্টেম্বর, ২০২০-এর মধ্যে এই মামলার রায় ঘোষণা করতে হবে।’

এই মামলার অন্যতম অভিযুক্ত বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলীমনোহর জোশী, উমা ভারতী। বাবরি মসজিদ ধ্বংসে ষড়যন্ত্র মামলায় তাঁরা অভিযুক্ত। গত ২৪ জুলাই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জবানবন্দি রেকর্ড করিয়েছেন লালকৃষ্ণ আদভানি। শুনানিতে তাঁকে প্রায় একশোটি প্রশ্ন করা হয়েছিল। তবে, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন আদভানি।

একইভাবে সব অভিযোগ অস্বীকার করেছেন মুরলীমনোহর জোশী। গোটা ঘটনাটাই রাজনৈতিক প্রতিহিংসা ও চক্রান্ত বলে আদালতকে বলেছেন এমএম জোশী।

২৫ জুলাই উমা ভারতী এই মামলায় জবানবন্দি রেকর্ড করেছেন। শেষবার ৪ আগস্ট এই মামলার শুনানি হয়েছে। তারপরের দিন অর্থাৎ ৫ আগস্ট অযোধ্যায় মহা ধুমধাম করে আয়োজিত হয়েছে রামমন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠান।

সূত্র : এনডিটিভি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network