আপডেট: September 2, 2026
নিজস্ব প্রতিবেদক:: দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
গ্রেপ্তার জুয়েল বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার এলাকার আ. হক মিয়ার ছেলে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল র্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।
র্যাব সূত্রে জানা গেছে, শিশু ধর্ষণের অভিযোগে ২০১২ সালে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জুয়েলের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার সময় জুয়েল পলাতক থাকায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরে পরোয়ানা তামিলকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র্যাব-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করে র্যাব।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার জুয়েলকে চট্টগ্রামের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

