আপডেট: July 11, 2026
আপডেট নিউজ :: বরিশালের আগৈলঝাড়ায় এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশালের পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান।তিনি জানান, এ ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করে অভিযুক্তদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, গত বুধবার একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরকে চুরির একটি মামলায় গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, হাজতে থাকা অবস্থায় তিনি নিজের মাথায় আঘাত করে আহত হন।
পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে বৃহস্পতিবার দুপুরে রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শত শত স্থানীয় বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে আগৈলঝাড়া থানায় হামলা চালায়।হামলাকারীরা থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিমকে মারধর করেন এবং থানায় ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের সংঘর্ষে ছয় পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হন।আহত এএসআই আব্দুল হালিমকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

