আপডেট: August 20, 2026
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার গুণগত পরিবর্তন ও শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সঙ্গে সমন্বয় করে গড়ে তোলার লক্ষ্যে ভোলার চরফ্যাশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদ্রাসার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদ্রাসা এ সভার আয়োজন করে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-ঢাকার সহকারী রেজিস্ট্রার মো. জাহান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি মাওলানা মো. হারুন-অর-রশিদ, চরমাদ্রাজ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন হুমায়ুন সরমান এবং বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান, মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দীন, মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম ও হাফেজ ডা. আবদুল মান্নান।
বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, পাঠদানের আধুনিক পদ্ধতি অনুসরণ, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা জরুরি। এর মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তোলা সম্ভব।
এর আগে অনুষ্ঠানে আগত অতিথিদের মাদ্রাসার পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সভাটি সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা জাহিদ হোসেন।
পরে প্রধান অতিথি মাদ্রাসার দেয়ালে “কারামাতিয়া প্রেস” নামে দেয়ালিকার ফলক উন্মোচন ও মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন। পরে সহকারী রেজিস্ট্রার জাহান উদ্দিন মাদ্রাসায় অনুষ্ঠিত অনার্স পরীক্ষার হল পরিদর্শন করেন।

