আপডেট: September 3, 2026
আন্তর্জাতিক ডেস্ক:: নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৪ হাজার ৮৭৫ জনের সন্ধানে এখনো উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।
নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, চিতওয়ানে ৩৫৫টি, পূর্ব নওয়ালপরাসিতে ২১৮টি, পশ্চিম নওয়ালপরাসিতে ১৯০টি, নুয়াকোটে ১৭৭টি, রাসুয়ায় ১২৭টি, গোর্খায় ৬৯টি, ধাদিঙে ৬০টি এবং তানাহুনে ৩৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ভারত থেকে আরও ১৮টি মরদেহ উদ্ধার করে নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এখন পর্যন্ত শনাক্ত হওয়া ৯৫টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহের পর ৮৯৭টি অজ্ঞাতপরিচয় মরদেহ নিরাপদে দাফন করা হয়েছে।নিখোঁজ ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের শনাক্ত করতে নেপাল পুলিশের সরকারি ওয়েবসাইটে ৯৫৯ জনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। তারা উদ্ধার অভিযান পরিচালনার পাশাপাশি মহাসড়কের প্রতিবন্ধকতা অপসারণ ও ত্রাণ বিতরণে কাজ করছেন।
এদিকে, বন্যায় বাস্তুচ্যুত ৩ হাজার ১২৬ জন বর্তমানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। উচ্চঝুঁকিপূর্ণ এলাকা থেকে পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে জরুরি দলগুলোর কার্যক্রমও অব্যাহত রয়েছে। সূত্র : নেপাল নিউজ।

