আপডেট: October 21, 2026
বরগুনা প্রতিনিধি:: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে বরগুনা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের আর্থিক সহায়তা ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় বরগুনা সাংবাদিক ইউনিয়ন সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম হারুন-অর রশিদ রিঙ্কু।
বরগুনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মুশফিক আরিফের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক (প্রশাসন ও অর্থ) এ. বি. এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ, বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন।
বক্তারা বলেন, সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির অগ্রগতিতে ভূমিকা রাখছেন। সাংবাদিকরা সমাজের আয়না ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশ ও জাতির কল্যাণে তাদের এই বস্তুনিষ্ঠ লেখনী অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে চিকিৎসা সহায়তা ও আর্থিক অসচ্ছলতা বিবেচনায় মোট ১৬ জন সাংবাদিকের হাতে ৮ লাখ টাকা অনুদানের চেক তুলে দেওয়া হয়।

