চাঁদপুরে নৌবাহিনীর অভিযানে ৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ

আপডেট: October 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

চাঁদপুর প্রতিনিধি:: চাঁদপুরে মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ কারেন্ট জালসহ আরও ২২টি বিশেষ জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা।রোববার (১১ অক্টোবর) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নদ-নদী ও সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব জাল জব্দ করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, চাঁদপুরের আনন্দবাজার, দাশাদি খাল, শহর মালি, লালপুর, ৩ নম্বর কয়লাঘাট, চাঁদপুর মোহনা, গাজীর টেক, মিয়ার বাজার, কানুদি ও আমিরাবাদসহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আনুষ্ঠানিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়।

চাঁদপুর নৌবাহিনী কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ফায়িজ কাফী জানান, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা, অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে নৌবাহিনীর সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। মা ইলিশ সংরক্ষণে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে নৌবাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া সরকারি নিষেধাজ্ঞা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network